বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

সারদায় কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মঙ্গলবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ১৬৯তম টিআরসি জুন-২০২৫ ব্যাচের ৪১৮ নবীন পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজশাহী, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তওফিক মাহবুব চৌধুরী প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশে বলেছেন, আপনারা পুলিশ একাডেমি থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করবেন। প্রতিনিয়ত অনুশীলন, জ্ঞান চর্চা এবং বাস্তব জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবে। 

আজ মঙ্গলবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ১৬৯তম টিআরসি জুন-২০২৫ ব্যাচের ৪১৮ নবীন পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নতুন কর্মজীবনে পদার্পণের জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে তওফিক মাহবুব বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর থেকে শুরু হওয়া ৪ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের আজ সফল পরিসমাপ্তি হলো। বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে অর্জিত আইনি জ্ঞান ও পুলিশিং এর নানাবিধ কৌশল আপনাদের ভবিষ্যৎ পেশাগত জীবনকে সাফল্যমণ্ডিত করবে বলে আমি বিশ্বাস করি। 

তিনি বলেন, ‘উত্তম প্রশিক্ষণ, সর্বোত্তম সেবা’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ একাডেমি সর্বোত্তম আন্তরিকতা ও কর্মদক্ষতা দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। মাঠ ও আইটিতে দক্ষ প্রশিক্ষকের সমন্বয়ে চলমান কর্মযজ্ঞ, প্রশিক্ষণার্থীর শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সর্বতোভাবে আন্তরিক। 

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের জীবন ও সম্পদ রক্ষায় প্রতিনিয়ত পরিশ্রম করছে। আইনের শাসন প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের জান-মালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। 
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। 

পরে প্রশিক্ষণকালে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসির হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।