শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা ১৭ বছর ধরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন— জনগণের রায়ের কথা। আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১২ তারিখের নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তা কঠোর হাতে দমন করা হবে।
আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকেই আমিনুল হক এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ মানুষ তাকে মিষ্টি ও ফুল দিয়ে বরণ করে নেয়।
আমিনুল হক বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার মোহে বিভোর হয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রতিপক্ষ দল ‘জান্নাতের টিকিট’ দেওয়ার নামে ধর্মীয় অপব্যাখ্যা এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, একটি দল ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এবং এনআইডি নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির অপচেষ্টা চালাচ্ছে। এগুলো এখন প্রমাণিত। আমাদের কাছে ভিডিও ক্লিপসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা ইতোমধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। দ্রুতই নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এসব দাখিল করা হবে।
আমিনুল হক বলেন, নারীদের নিয়ে একটি দলের নেতা যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক।
যেখানে আমরা নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে চাই, সেখানে এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নারীদের অধিকার প্রতিষ্ঠার এখনই সময়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টাকে ‘পাগলামি’ হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি আরো জানান, নিজে এবং তার নেতা-কর্মীরা শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে চলছেন এবং অন্য দলগুলোকেও গণতান্ত্রিক অধিকার চর্চার আহ্বান জানান।