বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৩

বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে উদ্বিগ্ন বিএনপি: মাহদী আমিন

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন মাহাদী আমিন কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন মাহাদী আমিন এ কথা জানান।

তিনি বলেছেন, ‘বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন। কারণ তারা কোনো না কোনো মতাদর্শের হতে পারে। তাতে নির্বাচন প্রভাবিত হতে পারে।’

এছাড়া, নির্বাচন পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ এবং এর মধ্যে যাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে, তাদের বাদ দেওয়ার দাবিও জানান তিনি।

নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছু ইনজাস্টিসের শিকার হয়েছে, বিশেষ করে ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান এমন জায়গায় রাখা হয়েছে, যা ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এ বিষয়ে প্রতিকার এবং তদন্তের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।’

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা শতভাগ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপিকে অনুকরণ করছে। যেমন- স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড এবং ভিশনের ধারণাগুলো এখন অন্য দলগুলোর ইশতেহারেও দেখা যাচ্ছে। এমনকি নেতাদের উপাধির ক্ষেত্রেও অনুকরণের সংস্কৃতি দেখা যাচ্ছে, যেটিকে বিএনপি রাজনৈতিক সৌজন্যবোধের অংশ হিসেবেই দেখছে।’

তিনি বলেন, ‘ইতিহাসে যা অনিবার্য সত্য, সেটা ধারণ করা উচিত। যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তারা ইতিহাস বিকৃত করে বয়ান তৈরি করতে চাইলে সেটি জাতিকে অত্যন্ত মর্মাহত করে। সত্য ও ন্যায়সঙ্গত ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করাই আগামীর বাংলাদেশের প্রত্যাশা হওয়া উচিত এবং ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না।’

মাহদী আমিন বলেন, ‘তারেক রহমানই সংস্কার নিয়ে পরিকল্পনার কথা বলে আসছেন। এর আগে যাদের সংস্কার নিয়ে কথা বলতে দেখা যায়নি, তারা এখন বিভ্রান্ত করছে জাতিকে।’

এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে প্রতিহিংসায় তার বিরুদ্ধে ১৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলেও জানান মাহদী আমিন। একইসঙ্গে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান তিনি।

বিপ্লবের পর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ইতিবাচক রাজনীতি করছে জানিয়ে মাহদী আমিন বলেন, ৫ আগস্টের পর দেশে যখন কোনো সরকার বা পুলিশ ছিল না, তখন তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা সারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সংখ্যালঘুদের রক্ষা করেছে। বিএনপি বর্তমানে রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রধান দাবি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটবে। নির্বাচন পর্যবেক্ষক নিয়োগে অনভিজ্ঞতা বা পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। বিএনপি বিশ্বাস করে, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।’

ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এতে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছুটা অবিচারের শিকার হয়েছে। এ বিষয়ে সংশোধন ও তদন্তের দাবি জানানো হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন জানান, বিএনপির ইশতেহার অনেকটাই প্রস্তুত। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।