বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪০

বাংলাদেশি অসুস্থ কর্মীকে দেশে ফিরতে সহায়তা করল মালদ্বীপ মিশন

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি গুরুতর অসুস্থ একজন কর্মীকে দেশে ফেরিয়ে দিতে বিমানের টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ তহবিল ব্যবহার করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের আর্থিক সহায়তায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক ফজর আলীর হাতে বিমান টিকিট তুলে দেন।

ফজর আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা। মালেতে একটি গেস্ট হাউসে বাবুর্চি হিসেবে কাজ করার সময় দুর্ঘটনাবশত তার পায়ে গরম পানি পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। এরপর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে ফেরার পরামর্শ দেন। তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ না থাকায় মিশনের পক্ষ থেকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয় এবং দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

ফজর আলী ৩ ফেব্রুয়ারি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

হাইকমিশনার নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পাশে থাকার জন্য হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের চিকিৎসা, কল্যাণ ও অধিকার নিশ্চিত করা মিশনের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।