শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-১৮ আসনে শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে জসিম উদ্দীনের আরএকে টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর রাজলক্ষ্মী এলাকায় কুশল সেন্টারের ব্যবসায়ীসহ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরিফুল ইসলাম বলেন, আমার পক্ষে যারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তাদের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। এতে করে তারা স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। একই সঙ্গে বিভিন্ন স্থানে আমাদের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি আরো বলেন, আপনারা জানেন, নির্বাচনী প্রচারণাকালে আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করেনি।
পরে মসজিদুত তাকওয়া মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে গণসংযোগ করেন তিনি।