বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৬
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৩

নারীর ওপর আক্রমণের বিরুদ্ধে আখতার হোসেনের কঠোর হুঁশিয়ারী 

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তাঁর আসন রংপুর-৪ এ রোববার এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় সভাপতির বক্তব্যে কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন তাঁর আসন রংপুর-৪ এ নারীদের ওপর আক্রমণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। রোববার (১ ফেব্রুয়ারী) রংপুর-৪ আসনের অধীন এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে জুলুমের শিকার হয়েছে। শতশত গুম খুন জুলুমের মধ্যে দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। জুলুম থেকে মুক্ত হলেও দুর্নীতি, ঘুষ, রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারিনি। তিনি বলেন, সেই সংস্কার করে বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য জোট করেছি। দালাল ও নেতার ওপর নির্ভরতা কমিয়ে জনগণের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। কাউনিয়া হারাগাছায় সকল আয়ব্যয়ের হিসাব বোর্ডের মাধ্যমে প্রদর্শন করব। গর্ভবতী মায়েদের নিরাপদে প্রসব করার জন্য ভ্রাম্যমান মেডিকেল সেন্টার করব ইনশাআল্লাহ। 

এনসিপি সদস্য সচিব বলেন, তারা বলছে হেলথ কার্ড করবে। কিন্তু আমরা আমাদের মায়েদের দোরগোড়ায় ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। এগারো দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা উন্নয়ন বৈষম্যের শিকার। যদি এগারো দলীয় জোট নির্বাচিত হয় তাহলে আমরা উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করব। কেউ কেউ  আমাদের বলে চেংড়া ছেলে কি করতে পারবে। কিন্তু আমাদের রংপুরের ছেলে আবু সাঈদ চেংড়ামো করে দুই হাত পেতে বুক পেতে না দিত তাহলে আমরা আজও ফ্যাসিবাদ মুক্ত হতে পারতাম না।  আমরা কথা দিচ্ছি, চেংড়ামো করতে করতেই রংপুরসহ উত্তরবঙ্গের উন্নতি করব। চেংড়ামো করতে করতেই বাংলাদেশের সকল অনিয়ম দূর করব ইনশাআল্লাহ। 

তিনি বলেন, গণভোটের জন্য আমাদের আর না এর কোন অপশন নেই। আমাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।