শিরোনাম

নেত্রকোনা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করে একটি ‘রেইনবো স্টেট’ বা রংধনু রাষ্ট্র গড়ে তোলা হবে।
আজ রোববার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা প্রাঙ্গণে নারীদের অংশগ্রহণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, 'রংধনুর যেমন সাতটি রঙ থাকে, ঠিক তেমনিভাবে আমাদের এই দেশকে আমরা এমন এক অবস্থায় নিয়ে যেতে চাই যেখানে গারো, হিন্দু, হাজং ও মুসলিমসহ প্রতিটি সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত থাকবে। সাম্যের ভিত্তিতে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।'
ন্যায়বিচার ও সাম্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষে-মানুষে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকাই বর্তমান সময়ের দাবি। সমাজের প্রতিটি মানুষ যেন তার ন্যায্য পাওনা পায় এবং কেউ যেন অধিকার বঞ্চিত না হয়, সেটিই বিএনপির রাজনীতির মূল দর্শন।
বক্তব্যের এক পর্যায়ে কায়সার কামাল ‘গীতাবলী’ থেকে সম্প্রীতির কবিতা আবৃত্তি করে বলেন, যেখানে বিষাদ ও ঘৃণা থাকে, সেখানে মানবতা থমকে যায়। পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধই পারে অশান্তি দূর করে সমাজে শান্তি ফিরিয়ে আনতে।
দেশবাসীকে সাম্প্রদায়িক উস্কানি বা বিভাজন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে সকল জাতিগোষ্ঠীর মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা অপরিহার্য।