বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৬
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৭

সাইবার অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান এবি পার্টির

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জামায়াতে ইসলামীর আমীরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে চরম দুঃখজনক, নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি।

রোববার এক যৌথ বিবৃতিতে এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব মো. আলতাফ হোসাইন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল চোরাগলি পথে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা এখন সাইবার সন্ত্রাস, হ্যাকিং এবং ন্যাক্কারজনক অপপ্রচারে লিপ্ত হয়েছে।

নেতৃদ্বয় বলেন, এ ধরনের সাইবার হামলা ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপচেষ্টার মাধ্যমে সত্যকে চাপা দেয়া যাবে না, বরং এতে সংশ্লিষ্ট মহলের রাজনৈতিক দৈন্যতা ও নৈতিক দেউলিয়াত্ব আরও স্পষ্টভাবে প্রকাশ পায়।

বিবৃতিতে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি এ ঘটনায় জামায়াতে ইসলামীর আমীরের প্রতি সংহতি প্রকাশ করে জানায়, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়ভিত্তিক রাজনীতির প্রশ্নে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক দলসমূহসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।