শিরোনাম

খুলনা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভয়ভীতি ও হুমকি-ধামকির মাধ্যমে ভোটের রায় কেড়ে নেয়ার চেষ্টা চলছে। যারা হুমকি দিয়ে ক্ষমতায় গেছে, তাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি হবে।
রাজনৈতিক সহিংসতা, অস্ত্রের ব্যবহার ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে এবং অর্থের বিনিময়ে এসব অস্ত্রধারীরা দলবদল করছে।
আজ রোববার দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ও শরাফপুর এবং ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভয় দেখিয়ে এখানকার মানুষকে দমিয়ে রাখা যাবে না। যাকে ভয় দেখানো হচ্ছে, সে এখানকার মাটির মানুষ, এখানেই তার জন্ম। ভয় দিয়ে কাজ হবে না।
জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘কিছু অস্ত্র আজ তারা যোগাড় করছে। সব সময় তারা কিছু সন্ত্রাস লালন-পালন করে। ক্ষমতায় যাওয়ার জন্য কিছু রাজনীতিবিদ অস্ত্রধারীদের পোষে। ওদের কোনো দল নেই, টাকা পেলে যেই দলে সুবিধা, সেদিকেই ভিড়ে।’
তিনি চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ তুলে বলেন, ‘চাঁদা না দেয়ার কারণে বিএনপির কর্মী পরিচয়ে মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনা ঘটেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’
অতিতের রাজনৈতিক সহিংসতার উদাহরণ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের মোড়ে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছিল, লাশের ওপর নাচানাচি হয়েছিল সেই ছবিও দেশবাসী দেখেছে। একইসঙ্গে তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভোটের আগে যদি একজন দলীয় নেতাকে পিটিয়ে মারা যায়, তাহলে ক্ষমতায় গেলে তারা কী করবে সেটা সহজেই বোঝা যায়।
এলাকার উন্নয়ন ও জনগণের সঙ্গে সংযুক্ত থাকতে পারে এমন প্রতিনিধিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমপি বানাবেন এমন একজনকে, যে ঢাকা-লন্ডন গিয়ে হারিয়ে যাবে না, যাকে খুঁজে পাওয়া যাবে না এমন কাউকে নয়। যিনি এখানকার মানুষের পাশে থাকবেন।’
দেশকে সহিংস রাজনীতির হাত থেকে রক্ষা এবং শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তিনি।