শিরোনাম

চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেছেন, এবারের নির্বাচন শতভাগ উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। দুষ্কৃতকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না।
মহাপরিচালক আজ চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটের দিন কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল করার সুযোগ পাবে না। এজন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এ নির্বাচন আগামীদিনে দেশ কীভাবে চলবে, সেই রূপরেখা নির্ধারণ করবে। নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে মতামত জানাতে হবে।
তিনি আরো বলেন, ভোটের দিন প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালটের সাথে গণভোটে মতামত দিতে গোলাপি রঙের একটি ব্যালট দেওয়া হবে। এ দুটি ব্যালটের মাধ্যমে জনগণ নিজেদের মতামত দেবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বক্তৃতা করেন।
এসময় জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক রাব্বী মনির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।