শিরোনাম

চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ (রোববার) বিকেলে ‘ফিউচার অব স্পোর্টস ইন চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি।
চট্টগ্রাম বন্দর শহীদ ফজলুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবাল। তিনি চট্টগ্রাম ও দেশের স্পোর্টসে বিশেষ নজর রাখার জন্য আমীর খসরুর প্রতি অনুরোধ জানান।
তামিম বলেন, আমরা এক বছর পর আবারও আলোচনায় বসব। ততদিনে ক্রীড়াঙ্গণ নিয়ে কতটুকু কাজ হয়েছে, তা নিয়ে আলোচনা করবো।
এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইসরাফিল খসরু।
স্পোর্টসের মাধ্যমে দেশের পরিচিতি বাড়ে উল্লেখ করে আমীর খসরু বলেন, একটা দেশ যখন খেলায় ভালো করে, তখন ওই দেশকে পুরো বিশ্ব চেনে। তামিমদের মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিচিতি লাভ করেছে। সুতরাং খেলাধুলা দেশের সফট পাওয়ার। নির্বাচিত হয়ে সরকারে যেতে পারলে আমাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে স্পোর্টস ঘিরে।
তিনি আরও বলেন, আমরা ক্রীড়াঙ্গণের সমস্যাগুলো আপনাদের থেকে শোনার জন্য বসেছি। কারণ দলের চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ‘উই হ্যাভ আ প্ল্যান।’ আমরা স্পোর্টসের জন্যও বড় প্ল্যান করেছি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আপনাদের কাছ থেকে শোনার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্ল্যানে কোনো ঘাটতি আছে কিনা এবং সেটিকে আরও উন্নত করার সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা। আর এটার মধ্য দিয়েই স্পোর্টসকে ডেমোক্রেটাইজ করা। স্পোর্টসেও ডেমোক্রেসি থাকতে হবে। আপনাদের কথা না শুনলে আমাদের পরিকল্পনাকে পরিপূর্ণতা পাবে না।
এক বছর পরে আলোচনায় বসার বিষয়ে তিনি বলেন, তামিমের সঙ্গে আমি একমত। কারণ বিএনপি রাজনীতিতে জবাবদিহিতাকে সামনে আনতে চায়।
অনুষ্ঠানে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক, বিভিন্ন একাডেমির প্রশিক্ষক, জাতীয় খেলোয়াড় এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।