শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কিংবা অসত্য প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, জনগণ সঠিক তথ্য ও স্বচ্ছ রাজনীতিই প্রত্যাশা করে।
রোববার রাজধানীর খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নিজেদের অবস্থান সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস প্রকাশ করছে। এ বিষয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিকেলে তিনি আউটার সার্কুলার রোড, রাজারবাগ গ্লোব নিবাস এবং নাভানা বিল্ডিং সংলগ্ন এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, আচরণবিধিতে সব প্রার্থীর জন্য সমান নিয়ম প্রযোজ্য। তিনি বলেন, আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়িত হলে নির্বাচনী পরিবেশ আরও ইতিবাচক হতে পারে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন করা এবং অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। তিনি জানান, এ সংক্রান্ত কিছু বিষয় ইতোমধ্যে কমিশনের নজরে আনা হয়েছে।
ভোটার তালিকা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় কিছু অসংগতি রয়েছে বলে তিনি মনে করেন। তালিকাটি আরও যাচাই-বাছাই করা হলে প্রকৃত ভোটার নিশ্চিত করা সহজ হবে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নারী ভোটারদের প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, নারীদের কর্মসংস্থান ও সামাজিক ভূমিকা নিয়ে যেকোনো বক্তব্য সংযত ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। দেশের সমাজব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ নারীদের সম্মান ও সম-অধিকার নিশ্চিত করার কথাই বলে। এ বিষয়ে তিনি সচেতন দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।