বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫

কাল যশোরে তারেক রহমান: উজ্জীবিত নেতা-কর্মী-সমর্থকরা

ছবি: বাসস

যশোর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রথমবারের মতো যশোর আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল খুলনার জনসভা শেষে দুপুর দেড়টায় হেলিকপ্টারে তিনি জনসভায় পৌঁছাবেন। 

পরে যশোর সদর উপজেলার উপশহর কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। মাত্র দুই দিনের প্রস্তুতিতে আয়োজিত এ জনসভা যশোরের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা হতে যাচ্ছে বলে আশা করছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

যশোরে এটাই হতে যাচ্ছে তারেক রহমানের আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক কর্মসূচি। সে কারণে জেলার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে এ উপলক্ষে যশোর অঞ্চলে সাজ সাজ রব পড়ে গেছে। 

বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ইউনিট তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করছে। 

এ অঞ্চলের বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা ইউনিয়ন পর্যায়ে গিয়ে সাধারণ মানুষকে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন ও জনসভায় অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছেন।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, যশোরের জনসভাস্থলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জনসভাস্থলের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এ জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।

তবে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র দুইদিন সময় পাওয়া গেছে। সমাবেশে সাধারণ মানুষকে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। 

সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জনসভাস্থল ও আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যাবে বলে তিনি আশা করছেন।

অমিত বলেন, লাখ লাখ মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে এবং জনদুর্ভোগ এড়াতে যশোরের মূল শহরের বাইরে উপশহর কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। পুলিশের সঙ্গে জেলা বিএনপি নেতারা দফায় দফায় এ ব্যাপারে বৈঠক করছেন।

তিনি আরও বলেন, জনসভায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান।