বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

যার পরিশ্রম তাকেই পণ্যের প্রকৃত মূল্য পাওয়ার ব্যবস্থা করা হবে: আসিফ মাহমুদ

এনসিপি'র মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন বাংলাদেশে মধ্যস্বত্বভোগীরা নয় বরং যার পরিশ্রম তাকেই তার পণ্যের প্রকৃত মূল্য পাওয়ার ব্যবস্থা করা হবে।

আজ রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা চাই দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আমরা জানি সিরাজগঞ্জের শাহজাদপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চল। আপনাদের তাঁতশিল্প বৃটিশ-ভারত আমলেও খ্যাতি অর্জন করেছে। কিন্তু বুর্জোয়া শাসনের ফলে আপনারা এর সুফল পান নাই। মধ্যস্বত্বভোগীরা  আপনাদের পরিশ্রমের ফসল ভোগ করে।’

এ সময় তিনি এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন তাঁতশিল্পের উন্নয়নে এবং দুর্নীতি, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত সুশাসন নিশ্চিত করতে শাপলা কলিতে ভোট দিয়ে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে বিজয়ী করার আহ্বান জানান।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের মানুষ এখন আর ব্যক্তিগত পাওয়ার হিসাব করে না বরং সবাই মিলে কি পাবে সেই হিসাব করে। আমরা এমন প্রার্থীদের ভোট দিব যারা সুখে-দুঃখে আমাদের পাশে থাকবে। পাশাপাশি আগ্রাসন বিরোধীদের ভোট দিতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।

হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, ‘আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। যদি চান হাসিনার মতো আর কোন দোসর বাংলাদেশে না আসুক, ফ্যাসিস্ট শাসক না আসুক তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।’

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ‘আর কোন মানুষকে খুন করতে দেওয়া হবে না। আমরা সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে চাই। আমরা দুর্নীতির মূল উৎপাটন করতে চাই।’ এসময় তিনিও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মাহিন।

এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।