শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম জেলায় প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার চট্টগ্রাম জেলার ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত এবং বন্ধ বা লক কার্যক্রম সম্পন্ন করার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট বক্সগুলো লক করা হয়।
আসনগুলো হলো- চট্টগ্রাম-১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ এবং চট্টগ্রাম-১৬। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের মনোনীত প্রতিনিধিদের সামনেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জাহিদুল ইসলাম মিঞা জানান, চট্টগ্রাম জেলায় মোট ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন। এর মধ্যে উল্লেখিত ১০টি সংসদীয় আসনেই ভোটারের সংখ্যা ৬১ হাজারেরও বেশি।
তিনি আরও জানান, পোস্টাল ভোটিং কার্যক্রমের নিরাপত্তা ব্যবস্থা ও ব্যালট ব্যবস্থাপনায় জেলা প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পোস্টাল ভোটিংসহ সকল কার্যক্রম আইন ও বিধিমালা অনুযায়ী সম্পন্ন করা হবে।
চট্টগ্রামের ১০টি আসনের ব্যালট বক্স প্রস্তুত ও লক করার এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন উপস্থিত ছিলেন।