
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): কক্সবাজারের টেকনাফে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন।
অভিযানে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।