শিরোনাম

রাঙ্গামাটি, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, ভাষা, পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের পাশাপাশি গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে ইউনেস্কোর বর্তমান হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ।
গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেস ক্লাব পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়ে পার্বত্য অঞ্চলের শিক্ষা, ভাষা, পরিবেশ, বন নির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন বিষয় উঠে আসে।
ড. সুজান ভাইজ বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ইউএনডিপি ও ইউনিসেফের মতো সংস্থাগুলো স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছে। ইউনেস্কোর কাজের মূল ক্ষেত্র শিক্ষা ও ভাষা হলেও স্থানীয় জনগোষ্ঠীর টেকসই ও দুর্যোগ-সহনশীল উন্নয়নেও কাজ করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বন নির্ভর স্থানীয় জনগোষ্ঠীর সম্পদ ব্যবস্থাপনায় সহায়তার জন্য বিভিন্ন কমিউনিটি গ্রুপ ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি গ্রহণের বিষয়ে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তাও গুরুত্বপূর্ণ।
রাঙ্গামাটির সাংবাদিকতা প্রসঙ্গে ড. সুজান ভাইজ বলেন, এ অঞ্চলে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও অনেক সাংবাদিক কাজ করছেন। স্থানীয় বাস্তবতা ও মানুষের বিভিন্ন বিষয় তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ উদ্যোগকে আরও কার্যকর ও টেকসই করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অবকাঠামো শক্তিশালী করা প্রয়োজন।
রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির গণমাধ্যম কর্মীদের নিয়ে ইউনেস্কোর ও বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট- পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি কীভাবে আরও এগিয়ে নেয়া যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে উন্নয়ন সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট-পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহম্মদ ইলিয়াস, সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদসহ প্রেস ক্লাবের সদস্য ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।