শিরোনাম

কুমিল্লা, ২৩ মার্চ ২০২৬ (বাসস) : আগামীর রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
আজ সোমবার বিকালে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
মন্ত্রী বলেন, ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এ ধরনের পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই। দলকে এগিয়ে নিতে হলে সব ভেদাভেদ ভুলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সংগঠনের অবস্থান আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।