বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮

কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের যোগদান

ছবি: বাসস

পটুয়াখালী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): দীর্ঘ প্রায় তিন বছর পর জেলার কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের নবনিযুক্ত আইন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগদান করেছেন।

আজ রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে তারা যোগদান করেন।

নবনিযুক্ত আইন কর্মকর্তারা হলেন কলাপাড়া যুগ্ম ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন ও অ্যাডভোকেট মো. আবুল হোসেন।

আনুষ্ঠানিক যোগদান শেষে আইন কর্মকর্তারা জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, দীর্ঘদিন পর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা দায়িত্বে যোগদান করায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নতুন গতি সৃষ্টি হবে। রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিচারপ্রার্থীদের আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কলাপাড়া চৌকি আদালতে বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।