শিরোনাম

চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় নুরুল ইসলাম টিটু (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলার জলিলনগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম টিটু উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলাংগাড়া গ্রামের আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে জলিলনগর এলাকায় সড়ক পার হচ্ছিলেন নুরুল ইসলাম টিটু। এ সময় চট্টগ্রামমুখী ইটবোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার পর এর প্রতিবাদে স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে আশ্বস্ত করলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।