বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী প্রচারণা

ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলায় পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়েছে জেলা পরিষদ। আজ রোববার পৌর এলাকার জগৎ বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ লিফলেট বিতরণ করেন। এ সময় সুধী সমাজের নেতৃবৃন্দ ও পরিবেশকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে ব্যবসায়ীদের পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান জেলা পরিষদ প্রশাসক। একই সঙ্গে পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিন ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধ করলে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তিনি পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।