শিরোনাম

কুমিল্লা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে কুমিল্লার স্কুল শিক্ষার্থীরা।
এক হাতে গাছের চারা এবং অন্য হাতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড উঁচিয়ে তারা মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ নিয়েছে।
আজ রোববার কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মাহবুবুল আলম সরকারের সভাপতিত্বে এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র দেবনাথ, শিক্ষক তফাজ্জল হোসেন সরকার, শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক হযরত আলী মুন্সী, নিসচার দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক নারায়ন বনিক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিল্লাল হোসেন, সংগঠক রেদোয়ান আহমেদ, সংগঠনের দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ সাংগঠিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, শাকিল ও হিমেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
পরে মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান।
এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সংগঠনের সদস্য শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সারাদেশে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ১৫ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে।