শিরোনাম

সাতক্ষীরা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আজ রোববার দুপুরে খোলপাটুয়া নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
বিজিবি জানায়, শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাল্কহেডসহ জাহাঙ্গীর নামের উক্ত ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান তাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে একটি সুবিধাভোগী কুচক্রী মহল উপকূলীয় এলাকার নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। দিনের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও রাতের আঁধারে বিভিন্ন নদী থেকে অবাধে বালু উত্তোলনের হিড়িক পড়েছে।
এদিকে, দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীর তীরবর্তী এলাকা ও বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে পড়ছে।