বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেল কম দেওয়ায় ১টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় মেসার্স আরেফিন ট্রেডার্স নামক একটি জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার সকালে শহরের ভাদুঘর এলাকায় অবস্থিত মেসার্স আরেফিন ট্রেডার্স প্রতি ৫ লিটার তেলে ২ শত মিলিলিটার করে কম দেওয়ার বিষয়টির সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বাসসকে জানান, প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।