বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৬

বগুড়ায় চানাচুর ও সেমাই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া, ৭ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলা সদরে আজ অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানকে তিনলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। 

অভিযানকালে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযানকালে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। অপিরচ্ছন্ন মেঝেতে পা দিয়ে ময়দার ডো তৈরি করে চানাচুর বানানো হচ্ছিল। একইভাবে ময়লা মেঝেতে পা দিয়ে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল।

উৎপাদিত খাদ্যও রাখা হচ্ছিল অপরিষ্কার মেঝেতে। সেখানে বিভিন্ন ধরনের ময়লা ছড়িয়ে ছিল।

তিনি আরও জানান, কারখানাটিতে দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার করে চানাচুর ভাজা হচ্ছিল। এ ছাড়া চানাচুর তৈরিতে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। কারখানার কর্মীরাও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না। এসব অপরাধের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন অনুসারে প্রতিষ্ঠানটিকে তিনলাখ টাকা জরিমানা করা হয়েছে।