বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫

ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: বাসস

ঝালকাঠি, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ‘দুর্বার তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের উপ-পরিচালক মো.আমিনুল ইসলাম ও ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু ছাঈদ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.নজরুল ইসলাম তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কে শিক্ষার্থীরা দুর্নীতির কারণ ও এর সামাজিক প্রভাবের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন।

এ ছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতাগুলোতে দুর্নীতিবিরোধী সচেতনতা, সততা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক উঠে আসে।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বাড়ানো গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।