শিরোনাম

চট্টগ্রাম, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুল ছিলেন অন্যায়, অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কবি। তার সাহিত্যকর্ম স্বাধীনচেতা মানসিকতা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, নজরুল ছিলেন মানুষের মুক্তির কবি। তার লেখনীতে নিপীড়িত মানুষের অধিকার, সাম্য, মানবতা ও স্বাধীনতার আকাক্সক্ষা ফুটে উঠেছে। তাই নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও দর্শন সম্পর্কে জানতে হবে।
বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমান সময়ে সমাজে অসহিষ্ণুতা, বৈষম্য ও মূল্যবোধের অবক্ষয় রোধে নজরুলের মানবতাবাদী দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ প্রজন্ম যদি নজরুলের জীবন ও কর্ম থেকে শিক্ষা নেয়, তাহলে তারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অর্জন করবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন গুরুত্বপূর্ণ, তবে শুধু ভালো ফলাফলই একজন মানুষকে সফল করে না। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধও অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল আলম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাখাওয়াত জামাল দুলাল প্রমুখ।