শিরোনাম

চট্টগ্রাম, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরীর আগ্রাবাদ এলাকায় একটি ডেইরি প্রতিষ্ঠানকে আজ সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানকালে ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির বাজারজাত করা ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের তারিখ পরিবর্তন করে মেয়াদ বাড়িয়ে পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ সময় প্রতিষ্ঠানটির সংরক্ষণাগারে পোকামাকড়ের উপস্থিতিও পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে সিলগালা করা হয়।
তা ছাড়া মা ও শিশু হাসপাতাল সংলগ্ন ‘জনতা ফার্মেসি’ নামক একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ‘বার্গার বাইট’ নামের একটি ফাস্টফুডের দোকানকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বিশেষ করে খাদ্যপণ্যে মেয়াদ পরিবর্তন, ভেজাল বা অনুমোদন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার অত্যন্ত গুরুতর অপরাধ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।