বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২২:০২

হাইমচরে বিকল্প সড়ক ও বাজার দখলমুক্ত করার তাগিদ এমপি মানিকের

ছবি: বাসস

চাঁদপুর, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার হাইমচরে বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু, বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয় পরিষ্কার এবং নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায়। 

একই সঙ্গে কৃষকদের জন্য সার সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিকল্প সড়ক প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, হাইমচর-চাঁদপুরের বিকল্প সড়কের বিষয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দ্রুতই সড়কটির কাজ শুরু করা হবে। সড়কটি চালু হলে হাইমচরের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জলাবদ্ধতা ও পরিবেশ রক্ষায় উপজেলার সরকারি-বেসরকারি সব পুকুর ও জলাশয় কচুরিপানামুক্ত রাখার নির্দেশনা দেন তিনি। জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মৎস্য সম্পদ সংরক্ষণে নদীতে নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার কথা বলেন সংসদ সদস্য। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, জনতা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। জনসাধারণের চলাচলের সড়ক ও জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি হাইমচর বাজারে দ্রুত একটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য জায়গা নির্ধারণের নির্দেশনা দেন তিনি।

সভায় কৃষকদের সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়ম ও হয়রানি বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ সংরক্ষণ, সার ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর থানার ওসি শাহ আলমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।