বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২২:০৫

কুমিল্লায় দুটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: বাসস

কুমিল্লা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি রেস্তোরাঁকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার মহাসড়কের আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকায় অবস্থিত মায়ামী রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে কাঁচা মাংসের রক্ত ও বিষ্ঠার সাথে রান্না করা খাবার রাখা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় এ দণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নোংরা পরিবেশের জন্য জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক মো. সাকিব।

অভিযান চলাকালে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা প্রদান করে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।