বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২২:১২

নেত্রকোণায় দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

ছবি: বাসস

নেত্রকোণা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকেলে কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে সদর ইউনিয়নে সারের বাজার পরিস্থিতি, মজুত ও ডিলারদের কার্যক্রম মনিটরিংয়ে যায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

পরিদর্শনকালে সার বিক্রিতে সরকারি নিয়ম লঙ্ঘন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়া যায়।

অভিযানে সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ‘মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ’-এর বিএডিসি সার ডিলারকে ১০ হাজার টাকা এবং ‘মেসার্স হাবিবুর রহমান’-এর বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কলমাকান্দা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ বাসসকে জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সার বিক্রিতে যেকোনো ধরনের অনিয়ম ও অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।