বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২১:৫২

কুউক’র অভিযানে কুমিল্লায় ৪ ভবনের কাজ বন্ধ

ছবি: বাসস

কুমিল্লা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): ইমারত নির্মাণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা না মানার অভিযোগে নগরীতে অভিযান চালিয়ে নির্মাণাধীন চারটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় 

অভিযানে নির্মাণকাজের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র না থাকা, ভবনে পর্যাপ্ত চলাচলের পথ না রাখা, পার্কিং ও সেটব্যাকের জায়গা না রাখা এবং ফুটপাত দখল করে সিঁড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।

অভিযানে নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন, বাদুরতলা সড়কের ইব্রাহিম কাজী টাওয়ার, নূরজাহান ট্রেড সেন্টার এবং রামঘাট এলাকার আলম ভিলার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ফৌজদারি মোড় এলাকার ডেলমন ডেভেলপারসের লতিফ কুঞ্জ, সিলভার শফিউল টাওয়ার ও কাউসার গার্ডেন ভবনকে নোটিশ দেওয়া হয়েছে। 

এসব ভবনের মালিকদের নির্মাণকাজের অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার প্রকৌশলী মো. শরিফুল হক বাসসকে বলেন, অভিযানে কয়েকটি ভবনের নির্মাণকাজের অনুমোদনের কাগজপত্র পাওয়া যায়নি। কিছু ভবনে বিধিমালা অনুযায়ী চলাচলের জায়গা না রেখেই বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পার্কিং বে ও সেটব্যাক না রাখা, সিঁড়ি ও সীমানাপ্রাচীর ফুটপাতের ওপর নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, অভিযানে চারটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কুমিল্লাকে পরিকল্পিত, নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভবন মালিক, ডেভেলপার ও সংশ্লিষ্ট সবাইকে নির্মাণবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।