বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৮

কেডিএ’র মাস্টারপ্ল্যান নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরায়নের অঙ্গীকার: কেডিএ চেয়ারম্যান

গতকাল অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

খুলনা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ- কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ’র মাস্টারপ্ল্যান কেবল একটি কাগজের দলিল নয়, এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরায়নের অঙ্গীকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেডিএ’র চেয়ারম্যান বলেন, সকলের প্রত্যক্ষ সহযোগিতা ও সচেতনতা ছাড়া এই রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন সমগ্র বাংলাদেশকে একটি মাস্টারপ্লানের আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে। ফ্যাসিস্ট সরকারের মতো মেগা প্রকল্পের নামে সীমাহীন লুটপাট, অনিয়ম-দুর্নীতি বাংলাদেশের জনগণ আর হতে দেবে না।

নিয়ম মেনে ভবন নির্মাণ এবং যেকোনো তথ্যের জন্য কেডিএ’র সাথে সরাসরি যোগাযোগ করার আহবান জানান শফিকুল আলম মনা।

তিনি আরও বলেন, কেডিএ’র মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা হলেঅ- ভরাট রোধ করে জলাশয় ও কৃষিজমি সংরক্ষণ করা, শিল্প এলাকা ও আবাসিক এলাকার সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক সড়ক উন্নয়ন ও যানজটমুক্ত নগরায়নের পরিকল্পনা।

অভয়নগর উপজেলা প্রশাসক শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অভয়নগর উপজেলা বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌরসভা বিএনপি’র সভাপতি আবু নাঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও নওয়াপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্লা।

এ সময় আরও বক্তব্য রাখেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম। মূলপ্রবদ্ধ উপস্থাপন করেন কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেডিএ’র সহকারী টাউন প্ল্যানার রাকিবুল হাসান। উন্মুক্ত আলোচনা পর্বে অভয়নগর পৌরসভা ও নওয়াপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মতামত ব্যক্ত করেন।