বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৪

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

প্রতীকী ছবি

ঝিনাইদহ, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ঝিনাইদহে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করেছে র‌্যাব। এ সময় কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনকারী কাভার্ডভ্যানটি।

বুধবার রাত ১২টার দিকে শহরের হামদহ বাইপাস মোড়ে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। র‌্যাব-৬ ঝিনাইদহ এ অভিযান চালায়।

আটক কাভার্ডভ্যানের ড্রাইভারের নাম শাহীন। সে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মালেকের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরতলীর হামদহ বাইপাস মোড়ে অবস্থান নেয় র‌্যাবের একটি চৌকস টিম। রাত ১২টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে র‌্যাব। এ সময় কাভার্ডভ্যানের বিশেষ গোপনীয় জায়গায় বস্তায় ভরা আলাদা চেম্বার করে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৬৫০ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন বাসস’কে বলেন, উদ্ধার মাদক বহনকারী কাভার্ডভ্যান ও আটক শাহিনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।