বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২২:৫৮

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 

নীলফামারী, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) :  জেলায় ট্রেনে কাটাপড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মীর তানভীর আহমেদ (২৯)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

তানভীর মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো. বজলুর রশিদের ছেলে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পরিচয় নিশ্চিত করেছেন নিহতের বড়ভাই মীর সফিকুল ইসলাম।

বড় ভাই মীর সফিকুল ইসলাম বলেন, তানভীর আহমেদ ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের অপেক্ষা করছিলেন। 

এরই মধ্যে গতকাল সোমবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনায় নিভে গেল পরিবারের আশার আলো। তার অনেক স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার।

তিনি জানান, তানভীর আহমেদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন ২০২৪ সালের জানুয়ারি মাসে। এরপর চলতি বছরের জুন মাসে সেখান থেকে দেবীগঞ্জে বদলি হন। 

গতকাল সোমবার রাতে তার কর্মস্থলের পাশ্ববর্তী নীলফামারীর ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী নামক গ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর শুনে সৈয়দপুর রেলওয়ে থানায় ছুটে আসেন। দুই ভাইয়ের মধ্যে তানভীর ইসলাম ছোট। বাবা মো. বজলুর রশিদ একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন ওই ব্যক্তি। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এলাকাবাসী তাকে শনাক্ত করতে না পারায় সিআইডি এবং পিবিআইয়ের সহযোগিতায় পরিচয় উদ্ধার করা হয়। এরপর খবর পেয়ে আজ মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা থানায় এসে লাশ শনাক্ত করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ-উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।