বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১২:৪০

কুড়িগ্রামে প্রাইভেট কারে মিলল গাঁজা, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

কুড়িগ্রাম, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার ধরলা ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রাইভেট কার থেকে ১০ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ধরলা ব্রিজের পশ্চিম পাশের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে   তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও তার সহযোগী একই এলাকার লিটন কাজী (২৬)। মোস্তাকিন ওই প্রাইভেট কারের চালক ছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ধরলা ব্রিজের টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম। রাত ১২টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন ১টি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিটের নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই চালক ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বাসস’কে জানান, ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, ‘কুড়িগ্রাম জেলা থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এই বিশেষ আইনি কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।’