শিরোনাম

ফরিদপুর, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় যৌতুকের দাবিতে স্ত্রীর হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলার অভিযোগে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীনের আদালত আসামি রনি মন্ডলকে এ সাজা দেন।
একইসঙ্গে তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। ওই টাকা আদায় করে ভিকটিমকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে আদেশ দেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের চৌহাটা সাদিক মন্ডলের ছেলে রনি মন্ডল ২০১৭ সালের ১৭ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন সাদিয়া বেগমকে।
বিয়ের পরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মাঝেমধ্যে চাপ সৃষ্টি করে রনি মন্ডল। স্ত্রী কিছু টাকা এনে দিলে স্বামী তাতে সন্তুষ্ট ছিলেন। পরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর হাত-পা বেঁধে মুখে কষ্ট দিয়ে নির্যাতনের এক পর্যায়ে ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন রনি মন্ডল।
এ সময় তার চিৎকার শুনে শ্বশুর শাশুড়ি এগিয়ে এসে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্ত্রী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
নারী ও শিশু দমন ট্রাইবুনালের (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।