শিরোনাম

বান্দরবান, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, পর্যটন নগরী বান্দরবানকে সুন্দরভাবে সাজাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভৌগোলিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকের আগমন দিন দিন বাড়ছে। পর্যটকদের কাছে বান্দরবানকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পরিকল্পিতভাবে কাজ করার পাশাপাশি চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
‘স্টার্ট ফান্ড’ বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে আজ শনিবার সকালে বান্দরবানের বাসস্টেশন এলাকায় বিভিন্ন ঝিরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান একটি পর্যটন জেলা। এ জেলার প্রতিটি হোটেল-মোটেল,পর্যটকবাহী যানবাহনসহ পর্যটননির্ভর সব ব্যবসা আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। পর্যটকরা যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণ করতে পারেন এবং হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় নিরাপদ খাবার গ্রহণ করতে পারেন, সেজন্য পর্যটনসংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে সংসদ সদস্য বান্দরবান বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিরি থেকে সাংগু নদীর বিভিন্ন পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়াসহ স্থানীয় বাসিন্দারা।