শিরোনাম

সাতক্ষীরা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন্ধের মৌসুমে অবৈধভাবে নদীতে মাছ ধরার অভিযোগে ৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে একটি নৌকা, ১৩৭ কেজি সাদা মাছ ও ৩০ কেজি চিংড়িসহ মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।
গতকাল সোমবার রাতে সুন্দরবনের কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে তাদের আটক করা হয়। এরপর আজ মঙ্গলবার আটক দের সাতক্ষীরার বন আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মোস্তফা গাজী (৬৪), মহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।
বন বিভাগের অফিস সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বন্ধের মৌসুমে অবৈধভাবে একদল জেলে সুন্দরবনের কলাগাছিয়া নদীতে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়।
এসময় কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে চার জেলেকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে জব্দ করা হয়, একটি ডিঙি নৌকা, ১৩৭ কেজি সাদা মাছ, ৩০ কেজি চিংড়ি মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, ৫টি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন সময় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার দায়ে উক্ত মালামালসহ চার জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।