বাসস
  ১২ আগস্ট ২০২৬, ১২:৩২

সাতক্ষীরায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার শ্যামনগরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামে আজ এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার মণ্ডল জানান, লুৎফর রহমান অন্যের জমি বর্গা নিয়ে পশ্চিম শ্রীফলকাটি বিলে ধান চাষ করতেন। বুধবার সকালে তিনি ওই জমির বীজতলায় কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।