শিরোনাম

নেত্রকোণা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : তরুণদের মাঝে স্বেচ্ছাসেবী মনোভাব ও সামাজিক দায়িত্ববোধ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নেত্রকোণায় চালু হয়েছে ‘ডেপুটি কমিশনার’স সোশ্যাল সার্ভিসেস অ্যাওয়ার্ড’।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস নেত্রকোণা জেলা নির্বাহী কমিটির সভা শেষে সমাজ সেবায় অনন্য অবদান রাখা স্কাউট সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহম্মদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সমৃদ্ধ সমাজ গঠনে মানবিক সেবার গুরুত্ব অপরিসীম। তবে বর্তমানে নাগরিকদের মধ্যে স্বেচ্ছাসেবার মানসিকতা কিছুটা হ্রাস পাচ্ছে। সব নাগরিক সুবিধার জন্য রাষ্ট্র বা স্থানীয় কর্তৃপক্ষের দিকে তাকিয়ে না থেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
তিনি আরও জানান, প্রাথমিক ধাপে স্কাউটদের মাঠ পর্যায়ের কাজের স্বীকৃতিস্বরূপ এই পদক চালু হলেও পরবর্তীতে সাধারণ যুব সমাজ ও নাগরিকদের ইতিবাচক কাজকে উৎসাহিত করতে এর আওতা সম্প্রসারণ করা হবে।
এরআগে অনুষ্ঠিত স্কাউটসের নির্বাহী সভায় জেলায় স্কাউটিং গতিশীল করা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম বিকাশের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।
সভা শেষে জেলা প্রশাসক ও অতিথিগণ নির্বাচিত স্কাউটদের হাতে সম্মাননা সনদ হস্তান্তর করেন।