বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১১:৪২

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি আটক

প্রতীকী ছবি

রাজশাহী, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মো. মিনহাজ (৪৪) নামের এক  মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি বিরামপুর উপজেলার বেগমপুর গ্রামের সিরাজের ছেলে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কাশিয়াহাডাঙা থানাধীন পশ্চিম বলিয়াপাড়া শ্যামপুকুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। 

মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হেডকোয়ার্টার্স ইন উইংয়ের সহযোগিতায় র‌্যাব-৫, সিপিসি’র একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর গোদাগাড়ী থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে রাজশাহীতে আসছে।

এরপর ওই দলটি রাজশাহী মহানগরীর কাশিয়াহাডাঙা থানাধীন পশ্চিম বলিয়াপাড়া শ্যামপুকুর মোড়স্থ মো. মামুন আল কবিরের মুদির দোকানের সামনে হাইওয়ে পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থলে ‘আর ট্রাভেলস’ নামের বাসটিকে থামার সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় বাসটির ভেতর থেকে আসামি মিনহাজুলকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি হেরোইন বহনের কথা স্বীকার করেন এবং নিজের প্যান্টের সামনের বাম পকেট থেকে বিশেষ কায়দায় লুকানো হালকা বাদামী রঙের দু’টি স্বচ্ছ পলি ব্যাগ বের করে দেন। উদ্ধার দু’টি পলি ব্যাগে মোট ১৩৭.৫ গ্রাম হেরোইন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াহাডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।