শিরোনাম

বাগেরহাট, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : বাগেরহাটে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সেবা কার্যক্রম ও মাস্টার প্লান সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং তাদের মতামত গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা পুলিশ সুপার হাছান মো. নাসের রিকাবদার, পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক এবং কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার সাধারণ মানুষের পক্ষে বক্তব্য ও মতামত তুলে ধরেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আশরাফউদ্দৌলা জুয়েল এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল। এছাড়া সাংবাদিক ইয়ামিন আলী, এস এস সোহানসহ অনেকে বক্তব্য দেন।
সভায় বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কেডিএ’র আওতাভুক্ত এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় মাস্টার প্লান বাস্তবায়ন, পরিকল্পিত নগরায়ণ এবং কেডিএ’র বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেন, বর্তমান সরকার অবহেলিত খুলনাকে সর্বাধিক উন্নয়নের মডেল হিসেবে দেখতে চায়। খুলনাকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনার লক্ষ্যে তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, বর্তমান নির্বাচিত সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, তার সফল বাস্তবায়নে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
তিনি পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।