শিরোনাম

নোয়াখালী, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা।
সোমবার বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং আলোচনা সভায় অংশ নেন।
সুস্থ জীবন ধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষি পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। সবজি চাষের সনাতন পদ্ধতির পাশাপাশি এখন অনেকেই
বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ পরিচালক আশীষ কুমার করের সভাপতিত্বে আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে ১২টি স্টল স্থাপন করা হয়েছে। এতে ছাদ বাগান, পুকুর পাড়ে কৃষি পদ্ধতি, সর্জন পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিসহ বিভিন্ন প্রজাতির ফসল প্রদর্শন করা হচ্ছে।
মেলা ১০-১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।