শিরোনাম

রাঙ্গামাটি, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
শনিবার সকালে জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ক্যাসিং মং মারমা।
চাল বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল এবং অন্যান্য উপকারভোগীদের মধ্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
জেলা পরিষদ সদস্য ক্যাসিং মং মারমা বাসস’কে জানান, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালের অংশ হিসেবে চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ৮ হাজার ৫শ’ কেজি চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।