শিরোনাম

ফরিদপুর, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে হারাধন সরকার (৪৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের তাজেল কাজীর বাঁশঝাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারাধন সরকার ওই গ্রামের মৃত রণজিৎ সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, কয়েকদিন আগে প্রতিবেশী তাজেল কাজীর কাছ থেকে কয়েকটি বাঁশ কিনেছিলেন হারাধন সরকার। শুক্রবার দুপুরে তিনি বাঁশ কাটতে বাঁশঝাড়ে গেলে সেখানে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে তার পা জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং উদ্ধার করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।