বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১১:৩২

খুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের

খুলনা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার দিঘলিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশু কন্যাসহ একই পরিবারের ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার খুলনা-কালিয়া সড়কের ডোমরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা সিহাব শেখ (২৪) মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও শিশু কন্যাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তার শ্যালিকা নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামের সিরাজুল শেখের মেয়ে রুবিয়া খাতুন (১৬) এবং সিহাব শেখের দুই বছর বয়সী কন্যা মায়মুনা। 

মোটরসাইকেল চালক সিহাব শেখকে গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। স্থানীয়  এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আর আহত শিহাবকে নড়াইল জেলার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে।