বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১১:১৭

কাপ্তাইয়ে মাছ শিকার বিরোধী অভিযানে নৌকাসহ জাল জব্দ

কাপ্তাই লেক থেকে নৌকাসহ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই লেকে মাছ শিকার বিরোধী অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, দু’টি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

শুক্রবার বিকেল থেকে থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকাসহ কাপ্তাই লেকের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয় বলে বাসস’কে জানিয়েছেন  বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।

তিনি জানান, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযানে জব্দ করা একটি ইঞ্জিন চালিত নৌকা, দু’টি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল বিএফডিসি’র হেফাজতে রাখা হয়েছে।

কাপ্তাই লেকের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ মাছ আহরণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি।