বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৮:৪৬

খাল খননের অব্যয়িত ৮ লাখ টাকা ফেরত পাঠালেন শিবগঞ্জের ইউএনও

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে খাল পুনঃখননের জন্য ৩৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রকল্পের নির্ধারিত কাজ শেষ করার পরও প্রায় ৮ লাখ টাকা অব্যয়িত থাকে। পরবর্তীতে সেই অর্থ নিয়ম মেনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধানজিয়া থেকে ভোইশগাড়া পর্যন্ত  খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে সাশ্রয় হওয়া ৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

খাল খননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাধার সংরক্ষণের লক্ষ্যে খালের দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বাসসকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১ দশমিক ৪৫০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। বৃষ্টির কারণে একাধিকবার পাড় মেরামতের পাশাপাশি খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইউম সফেদ ডাক্তার বলেন, চলতি বছরের ৩০ জুন ধানজিয়া থেকে ভোইশগাড়া পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ গুনগত মান বজায় রেখে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্প শেষে অব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বাসসকে বলেন, ঐতিহ্যবাহী এ খালটি সময়ের সঙ্গে দখল ও ভরাট হয়ে প্রায় অকেজো হয়ে পড়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, বরাদ্দের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে। ফলে সাশ্রয় হওয়া ৮ লাখ টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া হয়েছে।

উপজেলায় মৃত প্রায় পুনঃখনন উপযোগী আরও ৮/৯টি খালের তালিকা তৈরি করেছি। দ্রুত সময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে তথ্য পাঠানো হবে বলেও তিনি জানান।