শিরোনাম

রাঙামাটি, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার লংগদু উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে সেনবাহিনী। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর লংগদু জোনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় এবং লংগদু সেনা মৈত্রী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।
প্রধান অতিথি বলেন, ‘একটি চারা আগামী দিনের একটি পরিণত বৃক্ষ। একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।’
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে আসছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।